August 4, 2026
image (61)

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি জানান, সরকার ইতোমধ্যে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং ভারতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হবে। গ্রেপ্তারের পর তিনি দেশের আইন অনুযায়ী নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন, সরকার তা মেনে নেবে বলেও তিনি জানান।

জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। তিনি জানান, শেখ হাসিনা বুধবার বক্তব্য দেবেন বলে যে তথ্য পাওয়া গেছে, তা আগাম প্রচার করা হলে আদালতের নির্দেশ অমান্য হবে। এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। শেখ হাসিনার দেশে ফেরা, আইনি প্রক্রিয়া এবং তাঁর বক্তব্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *