বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীর পক্ষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই মনোনয়নপত্র দাখিল করে।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এজন্য আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজেদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে সরকারি দল ও বিরোধীদল। ক্ষমতাসীন দল বিএনপি থেকে জানানো হয়েছে, দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করার পর মনোনয়নপত্র দাখিল করা হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
