August 17, 2026
WhatsApp Image 2026-08-13 at 10.48.47 AM

ঢাকায় নিলামে বিক্রি হলো বাংলাদেশের বিশেষ আইন প্রয়োগকারী এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ডগ স্কোয়াডে থাকা আটটি প্রশিক্ষিত কুকুর। বয়স বেড়ে অপারেশনাল কাজে সক্ষমতা হারানোয় কুকুরগুলো বিক্রি করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মিরপুর-১৪ এর পুলিশ লাইন্সে উন্মুক্ত এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে এসব কুকুরের সর্বনিম্ন দাম উঠেছে ৫ হাজার টাকা, আর সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা। বিক্রি হওয়া এই আট কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর ও তিনটি জার্মান শেফার্ড জাতের। এর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি মেয়ে কুকুর।

র‍্যাবের মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এক একটি কুকুর সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত বিড ছিল। এর সঙ্গে বিক্রয় মূল্যের উপর শতকরা ১০ ভাগ আয়কর এবং ১৫ ভাগ ভ্যাট যুক্ত হবে। সে হিসাবে ৫ হাজার টাকার বিড ওঠা কুকুরের দাম হবে ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা বিড ওঠা কুকুরের জন্য ক্রেতাকে দিতে হবে ৩২ হাজার ৫০০ টাকা।

ইন্তেখাব চৌধুরীর দেয়া তথ্য অনুযায়ী, নিলামে বিক্রি হয়ে যাওয়া প্রতিটি কুকুরের নাম আছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি, ইভান। একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন এবং হেইডি জুনিয়র। জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক এবং নেরো। একই জাতের একমাত্র মেয়ে কুকুরটির নাম এলমা। জার্মান শেফার্ড উইংক এই ৮টি কুকুরের মধ্যে সবচেয়ে ছোট। তার বয়স ৬ বছর ৭ মাস ১১ দিন। এই দলে সবচেয়ে বয়স্ক কুকুর ল্যাবরেডর ডিলন। তার বয়স ৮ বছর ৩ মাস ২৭ দিন।

এসব কুকুরের ক্রেতা কারা ছিলেন সে ব্যাপারে র‍্যাবের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *