August 24, 2026
EB 1

কক্সবাজারের সুগন্ধা সৈকতের বালিয়াড়ি ভরাট করে শহর রক্ষা বাঁধ ও সড়ক নির্মাণের ঘটনাকে নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবেশবিদরা। পরিবেশ অধিদপ্তরের দাবি, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) হওয়া সত্ত্বেও প্রকল্পটির জন্য কোনো পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি।

৬৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে কক্সবাজার পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় ১.২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে সরেজমিনে দেখা গিয়েছে বালিয়াড়ি ভরাট করে মাটির কাজ শুরু হয়েছে। এদিকে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও দুই সচিবসহ আট সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে। নোটিশে প্রকল্প বন্ধ এবং ভরাট করা বালিয়াড়ি ও ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকত ইসিএভুক্ত এলাকা এবং এ ধরনের এলাকায় পরিবেশের ক্ষতি করতে পারে এমন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। প্রকল্পের নথি ও পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত তথ্য তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে পৌরসভা ও প্রকল্প কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *