চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) সাড়ে পাঁচ মাসের বেশি সময় পর গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় শিগগিরই কারখানাটিতে ইউরিয়া উৎপাদন চালু হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গ্যাস পাওয়ার পর কারখানার যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে উৎপাদন পুনরায় শুরু হবে। গ্যাস-সংকটের কারণে গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এর আগেও গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক দফায় দীর্ঘ সময় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
পূর্ণ সক্ষমতায় সিইউএফএলে দৈনিক প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব। এ জন্য প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বাংলাদেশে বছরে প্রায় ২৬ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো প্রায় ১০ লক্ষ টন উৎপাদন করে এবং বাকি চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়।
