পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম জশনে জুলুস। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসের কার্যক্রম শুরু হয়। এতে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষ অংশ নেন। ১৯৭৪ সাল থেকে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ জুলুস এবার ৫৫তম বছরে পদার্পণ করেছে। জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। ভোর থেকেই মুসল্লিরা বিভিন্নভাবে ষোলশহর এলাকায় জড়ো হতে থাকেন। জুলুসের পথজুড়ে ছিল সবুজ পতাকা, তোরণ ও নানা সাজসজ্জা; পাশাপাশি বসে ভাসমান মেলা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানি, শরবত ও খেজুর বিতরণ করা হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। গত বছর জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার পর এবার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জুলুস চলাকালে নগরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দুপুর পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
