জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে এগিয়ে নিতে হবে এবং দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই হওয়া উচিত এ বন্ধনের মূল ভিত্তি। বুধবার জাতীয় সংসদ ভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, অতীতে দুই দেশের সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। বৈঠকে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক আরও জোরদারে ভারত আগ্রহী। তিনি সংসদ সদস্যদের পারস্পরিক যোগাযোগ, নিয়মিত মতবিনিময় ও পার্লামেন্ট সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন এবং ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গেও সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এ সময় সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, ই-পার্লামেন্ট ও সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক আস্থা, স্থিতিশীলতা ও সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া এবং জনমুখী সদিচ্ছা থাকলে দুই দেশের সম্পর্কেও ইতিবাচক ফল আসবে।
