গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. আসাদুল (১৮)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
পুলিশ জানায়, চার যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি মাওনা চৌরাস্তার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
