September 5, 2026
image (12)

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন ও বিকল্প উৎস খুঁজছে এবং প্রয়োজনে আফ্রিকার বাজার থেকেও জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য বিভিন্ন উৎস নিয়ে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পোশাকের পাশাপাশি পাটজাত পণ্যের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। তাঁর মতে, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে উপস্থাপনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। তিনি জানান, আসন্ন জাতিসংঘ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে দেশের জাতীয় স্বার্থ ও সম্ভাবনাগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা, রপ্তানি বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *