September 14, 2026
EB 1

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা ছিনতাই ও আত্মসাতের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও মোহাম্মদ আলী। জাকির চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীন অফিসার্স মেসে কর্মরত ছিলেন। মোহাম্মদ আলী মামলার বাদী ব্যবসায়ী সালেহ সুলতানের দুলাভাই।

মামলার এজাহার অনুযায়ী, গত ৪ ও ৬ আগস্ট রাজশাহীর একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ২০ ভরি করে মোট ৪০ ভরি সোনা কেনেন সালেহ সুলতান। পরে তিনি ভারতে গেলে তাঁর স্ত্রী মোহাম্মদ আলীর মাধ্যমে সোনাগুলো চাচা নজরুল ইসলামের কাছে পাঠান। ৮ আগস্ট কালীনগর এলাকায় নজরুল ইসলামের কাছ থেকে সোনাগুলো ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এ ঘটনায় শনিবার সদর থানায় মামলা করেন সালেহ সুলতান। মামলায় কনস্টেবল জাকির, মোহাম্মদ আলী, মামুন রেজাসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *