September 16, 2026
image (22)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনার পর বুধবার হাসপাতাল পরিদর্শনে এসে প্রায় ৭০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম ইকবাল হোসেইন। তবে বৈঠক শেষে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন বা আহত রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেননি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে হাসপাতালের ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত সোমবার বিকেলে আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিচে নামতে গিয়ে আহত হন। এ ঘটনায় কয়েকজনের মৃত্যুর দাবি উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন পদদলিত হয়ে মৃত্যুর তথ্য নাকচ করেছে। প্রতিমন্ত্রী বলেন, ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের বিষয়ে তদন্তের পরই বিস্তারিত বলা সম্ভব হবে। এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে আগের পাঁচ সদস্যের কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে এবং সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে। কমিটিতে আরও দুই চিকিৎসক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন নির্বাহী প্রকৌশলী এবং ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালককে রাখা হয়েছে। নতুন কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গঠিত কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে সদস্য করা হয়েছিল, যা নিয়ে সমালোচনার পর নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট থাকার বিষয়েও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রকৌশলীদের পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *