রাজধানীর আবাহনী মাঠ ও ধানমন্ডি মাঠের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, গত ১৭ বছরে ক্রীড়া ক্লাবগুলোতে যে রাজনৈতিকীকরণ হয়েছে, তা থেকে বের হয়ে আসতে চায় সরকার। মাঠগুলোকে নিরপেক্ষ ব্যবস্থাপনায় এনে খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড় তৈরির কাজে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, মাঠ দুটি কোনো নির্দিষ্ট ক্লাব বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকবে না। শিশু, তরুণ, নারীসহ সাধারণ মানুষ যাতে নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ পান, তা নিশ্চিত করা হবে।
আবাহনী মাঠের বিদ্যমান অবকাঠামো সংস্কারের পাশাপাশি ধানমন্ডি মাঠে আর্চারি, শুটিং, ফুটসাল, প্যাডেল ও পাঁচজনের হকির জন্য টার্ফ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে মাঠগুলোর উন্নয়নের কথাও জানান প্রতিমন্ত্রী।
