টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ প্রসারিত করতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত প্রতিটিতে ১,০০০ কোটি টাকা করে মোট ২,০০০ কোটি টাকার তহবিল সম্বলিত ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম’ ও ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃ অর্থায়ন স্কিম’-এর জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন, যেখানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক দেশের শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নতুন তথ্য-প্রযুক্তি উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
