দেশের বিদ্যমান অর্থবছরের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। জুলাই-জুনের পরিবর্তে নতুন অর্থবছর নির্ধারণ করা হয়েছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। তবে এই নতুন সিদ্ধান্তটি আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে পুরোপুরি কার্যকর করা হবে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়।
নতুন এই রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল হিসেবে বিবেচনা করে ৯ মাসে (জুলাই-মার্চ) শেষ করা হবে। অর্থবছর পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকরে বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ সংশোধনী আনা প্রয়োজন হবে। পাশাপাশি সরকারি আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমেও সংস্কার আনা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট মাসে বর্ষার কারণে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম দীর্ঘায়িত ও ক্ষতিগ্রস্ত হয়। এপ্রিল থেকে মার্চ মেয়াদে অর্থবছর নির্ধারণ করা হলে বর্ষার আগেই উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সহজ হবে। এ বিষয়ে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও লেজিসলেটিভ বিভাগের সমন্বয়ে গঠিত কমিটি পরবর্তী কর্মপন্থা ঠিক করবে।
