October 23, 2026
WhatsApp Image 2026-10-21 at 7.20.40 AM

ঢাকার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ আগরওয়ালাকে গ্রেফতারের পর স্বর্ণ ও হীরা বিক্রির আড়ালে ৬৭৮ কোটি টাকা চোরাকারবার ও অর্থপাচারের (মানি লন্ডারিং) মামলায় এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগ। এরপর দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা জানান, আসামি ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত এলসির মাধ্যমে ৩৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার পণ্য বৈধভাবে আনলেও বিভিন্ন সময় স্থানীয় মার্কেট থেকে অবৈধ চোরাকারবারের মাধ্যমে আরো ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের সোনা ও ডায়মন্ড ক্রয় করেন। কিন্তু এসব পণ্যের ক্রয়সূত্র বা কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

দিলীপ কুমার আগারওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর গত বছরের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *