লোডশেডিং কমানো এবং শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়াতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) ছয় হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে সরকার।
এই অর্থ দিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ফার্নেস অয়েল কেনা হবে। অর্থ বিভাগের অনুমোদনের পর এ অর্থ বিপিডিবিকে ছাড় করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন ঋণ (অপারেটিং লোন) খাত থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব শিহাব উদ্দিন আহমেদের স্বাক্ষর করা সরকারি স্মারকে বলা হয়েছে, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক গড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জ্বালানি কেনায় এই অর্থ ব্যবহার করা হবে। ঋণটির বিপরীতে কোনো সুদ দিতে হবে না। বিদ্যুৎ খাতের প্রকৃত ক্ষতির বিপরীতে সরকার এই অর্থ সমন্বয় করবে। আগামী ২০২৭ সালের মার্চ থেকে ঋণ পরিশোধ শুরু করার কথা রয়েছে।
