November 5, 2026
WhatsApp Image 2026-11-05 at 11.15.40 AM

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তবে চরম অসন্তোষের পর ঢাকার শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শান্ত পরিবেশ ফিরে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর এবং সালনা এলাকায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মাঠে দায়িত্ব পালন করছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি রয়েছে। গাজীপুরের শিল্পাঞ্চলের সব এলাকায় সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা যায়। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা করতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর কঠোর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক আছে।

শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেরও কর্মপরিবেশ। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ ডিইপিজেডের সব কারখানায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে শিল্পাঞ্চলগুলোতে ব্যাপক বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়েছিল। বুধবার (৪ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয় তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের আজ বৃহস্পতিবার থেকে কাজে ফেরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কারখানার মালিকদেরও কারখানা খোলা রেখে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করার অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *