November 11, 2026
EB 1

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের মশালমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে মো. জাফর আলম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই শতাধিক নেতা-কর্মী মশালমিছিল বের করেন। মিছিলটি পৌরশহরের দিকে এগিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা বাধা দেন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি গাড়িও ভাঙচুর করা হয়।

সংঘর্ষে আহত এসআই জাফর আলমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাঁর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্য জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *