কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বাবাও। মঙ্গলবার সন্ধ্যায় ছেলে মাহফুজুর রহমান (২৭) এবং রাত ১১টার দিকে বাবা আবদুল মান্নানের (৫৯) মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন। তাঁর বড় ছেলে মাহফুজুর একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে তাঁর বিয়ে হয়। বাবার অসুস্থতা ও সংসারের দায়িত্ব নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকতেন।
মঙ্গলবার বিকেলে ছাপাখানায় কাজ করার সময় বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পান মাহফুজুর। খবর পাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। রাতে ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে আরও অসুস্থ হয়ে পড়েন আবদুল মান্নান। একপর্যায়ে রাত ১১টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে বাবা ও ছেলেকে কবরে দাফন করা হয়েছে।
