রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ টিএসসি এলাকায় পরপর দুটি বিকট শব্দ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণ পর একই শব্দ শোনা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর ও মুক্তি-গণতন্ত্র তোরণের সামনে। দৌড়ে পালানোর সময় কয়েকজনকে আটক করেন শিক্ষার্থীরা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনেও বিস্ফোরিত হয় ককটেল। এর আগের রাতেও একই চিত্র দেখা গেছে যাত্রাবাড়ীতে। রাত ১টার পর চৌরাস্তা মোড়ে পরপর তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। তার কয়েক ঘণ্টা আগে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদের ফটকের সামনে বিস্ফোরিত হয় আরেকটি ককটেল। সেখানে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
রাজধানীর সিআইডি সদরদফতর, পল্লবী থানা, খিলক্ষেত থানা, হোটেল রেডিসনের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে রাজধানী ও আশপাশের এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটছে। কখনও থানার সামনে, কখনও পুলিশ স্থাপনা, সরকারি গুরুত্বপূর্ণ ভবন কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কোথাও হামলাকারীরা মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে।
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত আটটি বাসে আগুন এবং অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অন্তত আটটি ককটেল বিস্ফোরিত হয়। আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর ও মিরপুরের কালশী এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সোয়া ৯টার দিকে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই রাতে শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরে জুলাই চত্বরের পাশেও বিস্ফোরণ ঘটে। বিমানবন্দর গোলচত্বরের উড়ালসড়ক থেকে দুটি ককটেল ছোড়া হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, নিক্ষেপকারীরা পালিয়ে যায়। কালশী মোড়েও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটানোর দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা যায়।
এর আগের দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে এবং রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে দুটি বিস্ফোরণ ঘটে। ওই রাতের ঘটনায় কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি। ২ নভেম্বর সোবহানবাগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের কাছেও ককটেল বিস্ফোরিত হয়। শনিবার (৭ নভেম্বর) রাতে বনানীর সেতু ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে গার্ড রুমের কাচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
