বাংলাদেশ সরকার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপহাইকমিশনের মাধ্যমে ৫০০ কেজি আম পাঠিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে করে এই আমের চালান ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। পাঠানো আমের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম রয়েছে, যা দেশের উৎকৃষ্ট ফলন ও কৃষি ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ৫০০ কেজি আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক, বুদ্ধিজীবী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমের চালানটি কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। উপহাইকমিশন এসব আম পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছে পৌঁছে দেবে।
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের এই ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
