সংস্থা : খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও লবঙ্গ উপকারী। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২টি লবঙ্গ খেলে শরীর অনেক ভালো থাকে। ঠাণ্ডা, গলা ব্যথা থেকে শুরু করে দাঁতের ব্যথাসহ অনেক সমস্যাই কমিয়ে দিতে পারে লবঙ্গ।
এ ছাড়া এটি বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। কারণ এর বেশ কিছু উপাদান বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ আটকাতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে শীত এলো বলে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের দিকে তাপমাত্রা আরো কিছুটা কমবে। বাতাসে দূষণ এবং ভাইরাসের পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছে। ফলে যাদের অ্যালার্জি বা ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাদের ক্ষেত্রে কষ্ট আরো সাংঘাতিক আকার ধারণ করেছে।
১. শ্বসনতন্ত্রের জন্য উপকারী:
সর্দি-কাশির মহৌষধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এটির জীবাণুরোধী বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কাশি, সর্দি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলো উপশম করতে সাহায্য করে। লবঙ্গ চিবিয়ে খেলে সর্দি, কফ, ঠাণ্ডা লাগা, অ্যাজমার সমস্যায় সুফল পাওয়া যায়।
২. হজমশক্তি বাড়ায়:
সকালে খালি পেটে লবঙ্গ ভেজানো পানি পান করলে পরিপাক ভাল হয়। পাশাপাশি গ্যাস, অম্বল, পেটফাঁপার মতো সমস্যারও নিরাময় হয়। খাবার হজমে সহায়ক উৎসেচকগুলি ক্ষরণে সহায়তা করে।
৩. গলা-বুক জ্বালা কমায়:
লবঙ্গের নিজস্ব ঝাঁজ রয়েছে। প্রাকৃতিকভাবেও এই মশলাটি গরম। কিন্তু গলা-বুক জ্বালার মতো সমস্যা নিরাময় করতে লবঙ্গ ভেজানো পানির জুড়ি নেই। শরীরে পানির ঘাটতি পূরণ করতেও এই পানীয়টি বেশ কাজের।
৪. ওজন নিয়ন্ত্রণে রাখে:
সকালে হালকা কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস এবং মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। অনেকে আবার শসা, আদা, পুদিনা পাতা মেশানো ডিটক্স পানীয়ও খেয়ে থাকেন। তবে এর বদলে যদি লবঙ্গ ভেজানো পানি খাওয়া যায়, তাহলে বিপাকহারের ‘পালে হাওয়া লাগে’। যা পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
