বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্র জানিয়েছে।
এর আগে, রাষ্ট্রপতি পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন নিয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করার জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।
সেদিন প্রাথমিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এরপর ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে।
