August 14, 2026
image - 2026-08-13T140712.561

আগামী ১ নভেম্বর থেকে দেশে চালু হচ্ছে ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ ব্যবস্থা, যার মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি অন্য ব্যক্তির ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে টাকা পাঠাতে পারবেন। প্রতিটি ব্যাংক ও এমএফএস হিসাবের বিপরীতে তৈরি এই কিউআর স্ক্যান করলে প্রাপকের নাম ও সংক্ষিপ্ত হিসাব নম্বর স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। ফলে দীর্ঘ হিসাব নম্বর, রাউটিং নম্বর বা মোবাইল নম্বর লিখতে হবে না এবং ভুল হিসাবে টাকা যাওয়ার ঝুঁকিও কমবে। দূরে থাকা ব্যক্তির ক্ষেত্রে কিউআরের ছবি বা স্ক্রিনশট অ্যাপের গ্যালারি থেকে আপলোড করেও লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও অপারেটরদের নিজস্ব অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান ও ছবি আপলোডের সুবিধা চালুর নির্দেশ দিয়েছে। জালিয়াতি ঠেকাতে কিউআরে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার ও ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের পাশাপাশি প্রতিটি লেনদেন রিয়েল টাইমে যাচাই করা হবে। নতুন ব্যবস্থায় বর্তমানে এনপিএসবি আন্তঃলেনদেনে প্রযোজ্য মাশুলই কার্যকর থাকবে। প্রায় ১৪ কোটি ব্যাংক হিসাব ও ২৪ কোটি এমএফএস হিসাব এই ব্যবস্থার আওতায় আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ডিজিটাল লেনদেন সহজ হওয়ার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং নগদের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *