মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশ ইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৫/৪-এস এলাকার কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভোরে ভারতের দিক থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের সীমান্তের দিকে এগিয়ে আসতে দেখে ধলা বিজিবি ক্যাম্পের টহল দল সতর্ক হয়। পরে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হলে তারা ফিরে গিয়ে ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের কাছে অবস্থান নেয়। পুশ ইনের চেষ্টার শিকার ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিএসএফ কাঁটাতারের গেট খুলে কয়েকজনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত বিজিবিকে জানালে সীমান্তে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ না করে ভারতীয় সীমান্তের দিকে সরে যান।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শিশির কুমার সরকার জানান, সীমান্ত অতিক্রমের চেষ্টা হলেও বিজিবির তৎপরতায় কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।
