বাংলাদেশের খুলনায় ফের জোড়া খুনের ঘটনা। সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকি নদীর চর থেকে গুলিবিদ্ধ দুই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রথমে নদীর চরে একটি দেহ পড়ে থাকতে দেখেন। পরে ভাটার সময়ে জল কমলে একই জায়গায় আরও একটি দেহের সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দু’জনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এই জোড়া খুনের ঘটনায় খুলনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। গত ১২ দিনে মহানগর ও জেলায় সাতটি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে যুবদলের বর্তমান ও প্রাক্তন তিন নেতা রয়েছেন। চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় বিভিন্ন ঘটনায় মোট ৭৫ জন খুন হয়েছেন বলে পুলিশি পরিসংখ্যানে উঠে এসেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অধিকাংশ অপরাধের নেপথ্যে রয়েছে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পুরনো শত্রুতা এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘাত। একের পর এক খুন ও গুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে।
