অমর একুশে বইমেলা শেষের দিকে। আগামীকাল রবিবার শেষ হওয়ার কথা বইমেলা। তবে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন বইমেলায় অংশ নেওয়া প্রকাশক ও বিক্রেতারা।
অমর একুশে বইমেলায় হঠাৎ করে শুরু হয় ঝড়বৃষ্টি। সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। বৃষ্টির জল স্টলগুলোর ভেতরে ঢুকে পড়লে বিপাকে পড়েন বিক্রেতারা।
শনিবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ভিজে যাওয়া বইগুলো রোদে শুকাতে দিচ্ছেন প্রকাশক ও বিক্রেতারা।বৃষ্টিতে বইমেলার বড় স্টল তেমন ক্ষতিগ্রস্ত না হলেও ছোট স্টলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিশুদের জন্য গবেষণাধর্মী, আনন্দদায়ক এবং উচ্চমানের অ্যাকটিভিটি, গল্প ও শেখার বই বিক্রি করে গুফু পাবলিকেশন। বৃষ্টিতে এই প্রকাশনের স্টলে থাকা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বই ভিজে গেছে বলে জানান বিক্রয়কর্মী মো. সুলতান।
সকালে গুফি প্রকাশনের স্টলে একদিকে ক্রেতাদের বই দেখাচ্ছিলেন, অন্যদিকে বই শুকাতে দিচ্ছিলেন মো. সুলতান। তিনি বলেন, এমনিতেই এ বছর বিক্রি কম। এতে ক্ষতির মুখে বই প্রকাশক ও বিক্রেতারা। এর ওপর বৃষ্টিতে ক্ষতির পরিমাণটা বাড়িয়ে দিল।
আদী প্রকাশনের স্টলে গিয়ে দেখা যায় স্টলের বিক্রয়কর্মীরা ভেঙে যাওয়া স্টল মেরামত করছিলেন। তাঁরা জানান বৃষ্টিতে সিলিং ভেঙে পড়ে স্টলে থাকা বণিক শাহরিয়ার নামের একজন লেখকও আহত হয়েছেন।
আদী প্রকাশনের সহকারী ব্যবস্থাপক সুজন আহমেদ বলেন, দুইশোর বেশি বই ভিজে গেছে। এগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা কম। বাতাসের মুখে থাকায় স্টল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বাতাসের মুখে ছিল না তাদের ক্ষতি কম হয়েছে। ভিজে যাওয়া বই বাংলাবাজারে মূল কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
