May 15, 2026
image - 2026-05-14T164913.284

দেশের তামাক খাতের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) বড় ধরনের ব্যবসায়িক মন্দার মুখে পড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির সিগারেট বিক্রি গত বছরের তুলনায় প্রায় ৮৭২ কোটি টাকা বা ৯ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর যেখানে বিক্রির পরিমাণ ছিল ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, সেখানে এ বছর তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৫ কোটি টাকায়।

বিক্রি কমার সরাসরি প্রভাব পড়েছে কোম্পানিটির নিট মুনাফার ওপর। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের প্রথম প্রান্তিকে ৩১৮ কোটি টাকা মুনাফা করলেও এ বছর তা ৩৪ শতাংশ কমে ২০১ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ১০৮ কোটি টাকা।

আর্থিক বিশ্লেষণে দেখা গেছে, মুনাফা কমার পেছনে দুটি প্রধান কারণ কাজ করেছে। প্রথমত, সিগারেটের সামগ্রিক বিক্রি কমে যাওয়া এবং দ্বিতীয়ত, পরিচালন ব্যয় বা অপারেটিং খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির পরিচালন খরচ ৪১ শতাংশ বেড়ে ২৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১৬৫ কোটি টাকা।

রাজস্ব প্রদানের ক্ষেত্রেও এর প্রভাব দৃশ্যমান। কোম্পানিটি তাদের মোট বিক্রির প্রায় ৮৪ শতাংশ অর্থ সম্পূরক শুল্ক ও ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা দেয়। এ বছর শুল্ক বাবদ ৭ হাজার ২৯২ কোটি টাকা প্রদান করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৪১ কোটি টাকা কম।

ব্যবসায়িক এই মন্দার খবর ছড়িয়ে পড়লে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দরে পতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে বিএটিবি-র প্রতিটি শেয়ারের দাম ১.৫ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা কমে ২১৪ টাকায় থিতু হয়েছে। ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির এমন ফলাফল বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *