অনন্তকালের পথে পাড়ি জমালেন দেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় আখতার হুসেনের হৃৎস্পন্দন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাঁর দুই ছেলে পান্থ ও প্রমিত তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।
আর কোনো দিন আখতার হুসেন লিখবেন না ‘হ্যাঁরে খবরটা কী উড়ো’র মতো ছড়া, মায়াময় গল্প বা উদ্দীপনা জাগানো গান।
আখতার হুসেনের প্রস্থানে দেশের শিশুসাহিত্যে সৃষ্টি হলো গভীর শূন্যতা। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে ১৯৪৫ সালের ১ নভেম্বরে তাঁর জন্ম। অনেক দিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
