সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যের বরাতে আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন।
এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি আরও একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব দিকে। গবেষণাকেন্দ্র থেকে এর দূরত্ব ১৮৭ কিলোমিটার।
