June 20, 2026
image (3)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবির তৎপরতায় ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। ওই ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ রয়েছেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হন। শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবির নিয়মিত টহল ও সতর্ক অবস্থানের কারণে পুশ ইন প্রচেষ্টা সফল হতে পারেনি। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি সম্পর্কে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *