শিক্ষক দিবসে শিক্ষার্থীদের কাছ থেকে ফুল নিয়ে হাসিমুখে শুভেচ্ছা গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষক নুর আজম (৫৬)। কিন্তু কিছুক্ষণ পরই স্কুলের পাশের একটি দোকানে চা খাওয়ার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে স্কুলে এসে শিক্ষার্থীদের কাছ থেকে ফুল নেন নুর আজম। পরে পাশের দোকানে চা খেতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা তাঁকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
২০১২ সাল থেকে মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নুর আজম। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সকলে।
