দেশের জাতীয় টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ টিকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেকের চিফ বিজনেস ডাইরেক্টর লি নিং।
স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতের পরম বন্ধু হিসেবে চীন আবারও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। হামের টিকার সফল প্রয়োগের পর এখন পোলিও, যক্ষ্মা ও অন্যান্য রোগ মোকাবিলায় আমরা কাজ করছি। সিনোভ্যাকের এই অনুদান আমাদের ইপিআই কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও জানান, দেশে বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই এবং শিগগিরই দেশব্যাপী ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে।
সিনোভ্যাক বায়োটেকের প্রতিনিধি লি নিং জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক স্বীকৃত এই টিকাগুলো বাংলাদেশের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে ৭৬ হাজার ৬১৬টি ভায়ালে ভরা এই টিকার চালান ইপিআই সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে, যা দ্রুতই সারা দেশের টিকাদান কেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন অর্জন করা সিনোভ্যাকের এই পোলিও টিকা বিশ্বব্যাপী পোলিও নির্মূল প্রচেষ্টায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় নিয়মিত সরবরাহ করা হচ্ছে। এই অনুদান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
