মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আঞ্চলিক বিমান চলাচলে। এই পরিস্থিতিতে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ লাহোর ও করাচির অঞ্চলের আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত লাহোর ও লাহোর অঞ্চলের নির্দিষ্ট রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রিনিচ মান সময় অনুযায়ী এই সময় ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত।
এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোর মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং অনেক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, পরিচালনাগত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণেও বিমান চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
