দেশে হামের প্রকোপ এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ৩৬ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ২ লক্ষেরও বেশি। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১১০ জনের শরীরে। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২২ হাজার ২০।
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লক্ষ ৭৭ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজার জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে হাম ও উপসর্গে দু’জন করে মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে দেশে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ, টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এপ্রিল থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হলেও বিপুল সংখ্যক শিশু এর আওতার বাইরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে।
