ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গণভোটও।
আজ সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগেই তার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, তিনি এই কেন্দ্রেই ভোট প্রদান করবেন। ভোট দেওয়ার সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
ভোটদানের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীতের দুঃস্বপ্নময় অধ্যায় থেকে বেরিয়ে এসে দেশ আজ নতুন এক যাত্রা শুরু করছে। তার ভাষায়, “আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা। সারাদিনব্যাপী জাতির সবাই মিলে উৎসব করি।” বক্তব্যের একপর্যায়ে তিনি “ঈদ মোবারক” বলেন।
গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, প্রার্থীর জন্য ভোট দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণভোটও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সবার প্রতি আহ্বান জানান গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।
ভোটদানের অনুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, এটি তার জীবনের এক মহা আনন্দের দিন এবং দেশের মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তার মতে, এটি দুঃস্বপ্নের অবসান ও নতুন স্বপ্নের সূচনার দিন। তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আবারও বলেন, “ঈদ মোবারক।”
