এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এ রুট পুনরায় চালু হওয়ার ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
রোববার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা–নারিতা রুটের উদ্বোধনী ফ্লাইটের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ফিরতি ফ্লাইটসহ পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং কার্যক্রমও শুরু হয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এ রুটের ফ্লাইট আর বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করেন, এবার এ রুটটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে। এছাড়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া সম্মিলিত প্রচেষ্টার ফল এবং এর মাধ্যমে বাংলাদেশ–জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৬ ফ্লাইট ঢাকায় থেকে জাপানের নারিতার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়েই বহুল প্রতীক্ষিত এই রুটে সরাসরি বিমান চলাচল আবার শুরু হলো।
