ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে উচ্চপর্যায়ের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন এই টাস্কফোর্সের প্রধান দায়িত্ব হবে জাতীয় কমিটির সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা। পাশাপাশি বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে টাস্কফোর্স।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে পরিচালিত এই টাস্কফোর্সে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি, গৃহায়ণ, প্রতিরক্ষা, তথ্য ও সম্প্রচারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও এতে যুক্ত থাকবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে চার হাজার ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে এডিস মশার ঘনত্ব স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
