April 18, 2026
image (8)

মাছ-মাংসের দাম যখন বেশি হয় তখন সবজির ওপর নির্ভরতা বাড়ে স্বল্প ও সীমিত আয়ের মানুষের। বাজারে আলু, পেঁপে, টমেটো ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি ৮০ টাকার ওপরে। এমনকি গ্রীষ্মের সবজি বেগুন, পটল, ঢেঁড়শের দামও ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচাবাজারের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছে ক্রেতারা। তবে অস্বাভাবিক বেড়ে যাওয়া সোনালি জাতের মুরগির দাম কিছুটা কমেছে। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

মালিবাগ রেলগেট কাঁচাবাজারে ব্যবসায়ী আব্দুল গফুর জানান, বছরের এ সময় সবজির দাম এমনিতেই বাড়তি থাকে। এর মধ্যে হঠাৎ সরবরাহ কমে যাচ্ছে। তাই পাইকারিতে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। ফলে খুচরাতেও দাম বাড়তি পড়ছে। অনেক সবজি কেনা দামেই বিক্রি করছেন বলে জানান তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দামই ১০০ টাকা ছুঁইছুঁই। বাজারে নতুন আসা বেগুন মান ও জাতভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে, যা সপ্তাহ দুয়েক আগেও ৮০ টাকায় পাওয়া যেত। এছাড়া পটল ও ঢেঁড়শ ৭০ থেকে ৮০ টাকা; বরবটি, ঝিঙা, চিচিঙা ৮০ থেকে ১০০ টাকা; শিম, সজনে ১০০ থেকে ১২০ টাকা; কাঁকরোল, করলা ৯০ থেকে ১০০ দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজির মধ্যে সালাদ সামগ্রী টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। কমের মধ্যে শুধু আলুর দাম, মানভেদে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে চোখ রাঙাচ্ছে পেঁপে, বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে; যা আগের তুলনায় অনেক বেশি।এছাড়া ছোট সাইজের মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি, বাঁধাকপি ৫০ থেকে ৬০ ও লাউ ৭০ থেকে ৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *