May 21, 2026
image - 2026-05-21T173613.841

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ’ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের দাবিতে আমরণ আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী ভূমি মালিকেরা। জমি দেওয়ার দীর্ঘ ছয় বছর পার হলেও ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, সিলেট সদর উপজেলার কেওয়াছড়া, ছালিয়া, বড়শালা ও আঙ্গারুয়া মৌজার আওতাধীন ধূপাগোল, ছালিয়া, লালবাগসহ বেশ কয়েকটি এলাকার জমি বিমানবন্দরের উন্নয়নের জন্য অধিগ্রহণ করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে এলএ মামলার আওতায় ৪ ধারার নোটিশ জারি এবং যৌথ তদন্ত সম্পন্ন হলেও আজ পর্যন্ত ক্ষতিপূরণের অর্থ পাননি জমির আসল মালিকেরা। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন-২০১৭ অনুযায়ী নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও, প্রশাসনের দীর্ঘসূত্রতার কারণে প্রায় ২০০ পরিবার এখন চরম মানবেতর জীবনযাপন করছে।

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জমির টাকা না পাওয়ায় তারা নামজারি, খাজনা পরিশোধ, ঘরবাড়ি মেরামত, সন্তানদের পড়াশোনা ও বিয়েসহ কোনো সামাজিক বা জরুরি কাজ করতে পারছেন না। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও শুধু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। অবস্থান কর্মসূচি থেকে ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৫ দিনের মধ্যে যদি তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, ভূমির মালিকদের আবেদনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে যেসকল আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগীদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *