আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশ এই আমন্ত্রণ গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায় এবং পরে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই আমন্ত্রণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগ তৈরি করতে পারে। কয়েক বছর ধরেই বাংলাদেশ ব্রিকসের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে এবং চীন ও রাশিয়া এ বিষয়ে সমর্থনও জানিয়েছে। পাশাপাশি সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বৈঠকসহ চীন, রাশিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হতে পারে।
বাংলাদেশ ২০২৩ ও ২০২৪ সালে ব্রিকসের আউটরিচ পর্বে অংশ নিলেও ২০২৫ সালের সম্মেলনে যোগ দেয়নি। তাই এবারের আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত দেশের আঞ্চলিক ও বহুপক্ষীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
