গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডব্লিউ বা ‘র’) এর প্রধান পরাগ জৈন সরকারি সফরে ঢাকায় এসেছেন ।সরকারের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পরাগ জৈন ‘র’ এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার (৯ আগস্ট) দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে বাংলাদেশে আসার পূর্বে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।
এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এদিন সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘র’ প্রধান যিনি এসেছেন-এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন (জল্পনা) দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন। এটা এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টারপার্ট আছে, তার সঙ্গে বসবেন। এটা নিয়ে সরকার যদি মনে করে, সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। কিন্তু এরকম কথা আমাদের কাছে একটা বিতর্ক হচ্ছে যে রাষ্ট্রের সার্বভৌম বিষয়, একটা বিতর্কিত ভূমিকা বাংলাদেশের বিষয়, তার হঠাৎ করে সফরটা কেন-এটা কোনো ব্যাপারই নেই।
তিনি আরও বলেন, যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা-তাদের যেসব কাউন্টারপার্ট যারা আছে, তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা-এগুলো তো হতে হবে।
