পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।
যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তা। এসব এলাকায় ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমেও সহায়তা করবে বাহিনীটি। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি।
আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
