সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে ফের শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাথা, কপাল ও চোখে কালো কাপড় বেঁধে ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, টানা কর্মসূচির পরও তাঁদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের ‘নীরবতা’র প্রতীকী প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান তাঁরা।
এ দিন সায়েমকে পুনর্বহালের দাবিতে নবম দিনের মতো ‘ক্যাম্পাস শাটডাউন’ কর্মসূচি চলছে। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
