August 4, 2026
WhatsApp Image 2026-08-04 at 2.29.20 PM

আদালতের নির্দেশনা অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে তা আদালত অবমাননার শামিল হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা স্পষ্ট করলেন, বিচারিক আদেশ অমান্য করে কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার করলে রাষ্ট্র কঠোর আইনি পদক্ষেপ নেবে। আদালতের এই নির্দেশনা দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম—সব মাধ্যমকেই মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে তার বক্তব্য প্রচার করা হলে তা আদালত অবমাননার শামিল হবে। কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।

তবে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো বাধা দেখছেন না ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে।’ এছাড়া শেখ হাসিনার ঘৃণাসূচক বক্তব্য গণমাধ্যমে প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে বলে জানান চিফ প্রসিকিউটর।

এর আগে গতকাল সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য না দেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা চান। হাইকমিশনারও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশে ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia)-এর উদ্যোগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। ভারতীয় সময় অনুযায়ী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই ভার্চুয়াল আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *