মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম (১৩) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক রবিউল মাতুব্বর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ওই ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।
সূত্রের খবর, সকালে ফার্নিচারের দোকানে কাজ করার সময় হঠাৎ একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। এতে নজরুল ও দোকানমালিক রবিউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
