ক্যানভাস বা রং-তুলি নয়, জামদানি বুননেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন নদিয়ার ফুলিয়ার তাঁতশিল্পীরা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের পরিকল্পনায় তাঁর দলের তাঁতী বিবেক বিশ্বাস তৈরি করেছেন এই লাইন-আর্ট ওয়াল হ্যাঙ্গিং।
কোড়া সিল্কের ওপর কটন সুতো দিয়ে বুটি তুলে জামদানি পদ্ধতিতে তৈরি হয়েছে প্রতিকৃতিটি। কাজটি সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় ১০ দিন। বীরেন কুমার বসাকের ছেলে অভিনব বসাক জানান, বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে উপহার হিসেবেই এটি তৈরি করা হয়েছে। বিক্রির জন্য নয়, কুরিয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জামদানিতে লাইন-আর্ট অবশ্য নতুন নয়। ২০১৬-১৭ সাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ-সহ একাধিক মনীষীর প্রতিকৃতি জামদানিতে ফুটিয়ে তুলেছেন তাঁরা। এবার সেই ধারাবাহিকতায় উঠে এল নরেন্দ্র মোদির মুখ।
এর আগে ২০২১ সালে পদ্ম পুরস্কারপ্রাপকদের সঙ্গে সাক্ষাতের সময় বীরেন কুমার বসাকের কাছ থেকে জামদানি উপহার পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁরই পরিকল্পনায় জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য তৈরি হল তাঁর নিজের প্রতিকৃতি—তুলিতে নয়, সুতোয় সুতোয়।
