September 30, 2026
WhatsApp Image 2026-09-30 at 2.51.52 PM (1)

রাজধানী ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ভাঙচুর করা হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মিরপুর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সময় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের গাড়ি ও অভিযানে ব্যবহৃত একটি ভেকুতে ভাঙচুর চালান।

এদিকে ঘটনাস্থলে তথ্য ও ছবি সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের সঙ্গেও হকারদের কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তা ও তাদের ওপর চড়াও হন হকারেরা।

দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি দলকে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময়ও এলাকায় উত্তেজনা চলছিল। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ফুটপাতের ব্যবসায়ীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে নাসির উদ্দীন নামে এক পথচারী আহত হন।

আহত পথচারী নাসির উদ্দীন বলেন, আমি বিআরটিএর একটা কাজ শেষ করে যাচ্ছিলাম। পরে গোলচত্বরে গেলে ফুটপাতের ব্যবসায়ীরা আমাকে ইট ও হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়। পরে অন্য পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন আমাকে একটি ফার্মেসিতে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা পুলিশের তুলনায় বেশি ছিল। একপর্যায়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের মুখে পুলিশ সদস্যদের কিছুটা পিছু হটতে দেখা যায়।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *