September 28, 2026
WhatsApp Image 2026-09-28 at 11.06.32 AM

লালমনিরহাটের পাটগ্রামে ভোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ইজিবাইক পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহত হন আরও ৮ জন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুইজনকে ভর্তি করা হয়েছে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *