দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভায় নির্বাচনের ধাপ ও সম্ভাব্য সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ করবে কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। এদিকে, ভবিষ্যতে কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে সভা শেষে জানানো হয়। সংরক্ষিত ইভিএমগুলোর ব্যবস্থাপনা বা নিষ্পত্তি নিয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতিও পর্যালোচনা করেছে কমিশন।
